নিজস্ব প্রতিবেদক : রমজান মাসে পণ্যের দর স্থিতিশীল রাখার পাশাপাশি বাজার ভেজাল ও ফরমালিনমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ডিএনসিসির আওতাধীন কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেছেন, ‘একটি বাজারে যদি ফরমালিনযুক্ত পণ্য পাই তা আরো দুটি বাজারের মেশিনে পরীক্ষা করা হবে। যদি এসব পরীক্ষায়ও ফরমালিন পাওয়া যায় তাহলে সে ব্যবসায়ীর খবর আছে।’
মঙ্গলবার বিকালে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় ভেজাল ও ফরমালিনের বিরুদ্ধে এভাবে ব্যবসায়ীদের সাবধান করে দেন মেয়র আনিসুল।
মেয়র বলেন, ‘বাজার নিয়ন্ত্রণের জন্য একাধিক মনিটরিং কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে ৩ থেকে ৫ জন সদস্য থাকবে।’
ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদেরও বাজার মনিটরিং করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিটি বাজারে পণ্যের মূল্য তালিকা রাখার এবং তা হালনাগাদ করারও নির্দেশ দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘বাজারে ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করা আমাদের একটি মূল কাজ। আমার নগরীর বাজারগুলোতে ফরমালিনমুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করতে চাই। যেকোন বাজারে ফরমালিনযুক্ত পণ্য পেলে খবর আছে, অতএব আগেই সাবধান হয়ে যান।’
পবিত্র রমজানে বাজারমূল্য স্থিতিশীল রাখতে ডিএনসিসির কাউন্সিলরদের স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার নির্দেশও দিয়েছেন আনিসুল হক।
অবৈধ বাজার সম্পর্কে কথা বলতে গিয়ে আনিসুল হক বলেন, ‘নগরীতে অনুমোদিত বাজারের বাইরে কারো না কারো আনুগত্যে অবৈধ বাজার বসানো হয়। এসব আনুগত্যেন বাজার বন্ধ করতে হবে। তারপরেও যদি তারা অবৈধ বাজার বসায় তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
বাজারে মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরো রমজানে নগরীর প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রমজান উপলক্ষে যত্রতত্র ইফতারির দোকান বসাতে দেয়া হবে না। যদি বসে তবে আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিএনসিসির আব্দুল ছাইদ শেখ, প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মমতাজ উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সদর আলী বিশ্বাস, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম, কাউন্সিলরগণ, বিভিন্ন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি, টিসিবি, এফবিসিসিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রতিনিধিরা।

