ঢাকাWednesday , 10 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঠগড়ায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকলো জাফরউল্লাহ

Link Copied!

Dr.-Zafarullahনিজস্ব প্রতিবেদক: আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীকে ১ ঘণ্টার দণ্ডাদেশ দিয়ে আদালতের কাঠড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে তাকে কাঠগড়ায় তোলা হয়। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে আদালত তাকে শাস্তির এ রায় দেন।
ব্রিটিশ নাগরিক ও সাংবাদিক ডেভিড বার্গম্যানকে ট্রাইব্যুনালে দেয়া শাস্তির বিষয়ে দৈনিক প্রথম আলোতে বিবৃতি দেয়ার অভিযোগে ২৩ জন বিশিষ্ট নাগরিকের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরউল্লাহকে ১ ঘন্টার দণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
এসময় ট্রাইব্যুনাল ক্ষমাপ্রাপ্ত ২২ নাগরিকের বিষয়ে বলেন, ‘যদিও আপনাদের বিবৃতির প্রত্যেকটি কথা আদালত অবমাননার সামিল। তবুও প্রথমবারের মত আপনাদেরকে ক্ষমা করা হলো। আপনারা আপনাদের বিবৃতির মাধ্যমে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আপনারা ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যথাযোগ্য ব্যাখ্যার মাধ্যমে আমাদেরকে সন্তুষ্ট করতে পারেননি। তবুও যেহেতু আপনারা বলেছেন আপনারা আদালত অবমাননার বিষয়টি বুঝতে পারেননি। তাই ক্ষমা করা হলো। তবে পরে নিশ্চই এ বিষয়টি মাথায় রাখবেন।’
ক্ষমাপ্রাপ্তরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মাদ, মাসুদ খান, সাংবাদিক ও লেখক আফসান চৌধুরী, অধিকারকর্মী হানা শামস আহমেদ, সঙ্গীতশিল্পী আনুশেহ আনাদিল, সংস্কৃতিকর্মী লুবনা মারিয়াম, অধিকারকর্মী মুক্তাশ্রী চাকমা সাথী, অ্যাডভোকেট এ এ জিয়াউর রহমান, নারী গ্রন্থ প্রবর্তনার নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ড. বিনা ডি কস্টা, নৃ-বিজ্ঞান গবেষক রেহনুমা আহমেদ, নৃ-বিজ্ঞানী দেলোয়ার হোসেন, আলী আহম্মেদ জিয়াউদ্দিন, চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ এ্যানি, আলোকচিত্রী ড. শহীদুল আলম, সংস্কৃতিকর্মী লিসা গাজী, ড. জরিনা নাহার কবির, আলাল ও দুলাল ব্লগের সম্পাদক তীব্র আলী, লেখক শবনম নাদিয়া, লেখক মাহমুদ রহমান, নারী অধিকারকর্মী শিরিন হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগের শিক্ষক ড. সিআর আবরার।
পরে ড. জাফরউল্লাহ চৌধুরী সম্পর্কে ট্রাইব্যুনাল বলেন, ‘যেহেতু এর আগে তার বিরুদ্ধে আরো একবার (চ্যানেল ২৪ এর টকশোতে ট্রাইব্যুনাল অবমাননাকর বক্তব্যের অভিযোগ) ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগ ছিলো। আজকে এটি তার দ্বিতীয় আদালত অবমাননা। এর আগে তাকে আদালত অবমাননার বিষয়ে কড়াভাবে বলা হয়েছিলো সেহেতু তাকে আমরা দোষী সাব্যস্ত করছি।’
ট্রাইব্যুনাল তার আদেশে বলেন, ‘আদালত (ট্রাইব্যুনাল) অবমাননার অভিযোগে ড. জাফরউল্লাহকে ১ ঘণ্টা আসামির ডকে থাকতে হবে, এটা তার শাস্তি। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হলো। আগামী ৭ দিনের মধ্যে ট্রাইব্যুনালের রেজিস্টার বরাবর সেই টাকা জমা দিতে হবে। অনাদায়ে একমাসের কারাদণ্ড ভোগ করতে হবে।’
এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, প্রসিকিউটর তাপস কান্তি বল প্রমুখ।
এর আগে এই বিবৃতির কারণে কেন বিবৃতিদানকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবেনা মর্মে করা আদালতের রুলের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। রুলের শুনানিকালে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ড. জাফরউল্লাহর এর আগেও ট্রাইব্যুনাল অবমাননার বিষয়টি সম্পর্কে ট্রাইব্যুনালকে অবহিত করেন এবং এই বিবৃতির ফলে দেশে-বিদেশে ট্রাইব্যুনালের মান নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টিও ট্রাইব্যুনালকে জানান।
গত ১ এপ্রিল এ বিষয়ে একটি রুল জারি করেন ট্রাইব্যুনাল এবং আজ বুধবার উক্ত ২৩ জনের বিরুদ্ধে রুলের আদেশের জন্য দিন ধার্য্য করা হয়।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ বার্গম্যানকে আদালত অবমাননার অভিযোগে সাজা প্রদান করে আদেশ দেয়। এরপর ২০ ডিসেম্বর দৈনিক প্রথম আলো ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংবাদ প্রকাশ করে। এরই আদলে গত ২৩ ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস একটি সম্পাদকীয় প্রকাশ করে।
পরে প্রথম আলোয় প্রকাশিত ‘বার্গম্যানের সাজায় ৫০ নাগরিকের উদ্বেগ’ সংক্রান্ত সংবাদ আমলে নিয়ে ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন।
একইসঙ্গে সব বিশিষ্ট নাগরিকের পূর্ণাঙ্গ বিবৃতির কপি ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে গত ২৮ ডিসেম্বর দৈনিক প্রথম আলোর সম্পাদককে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে খুশি কবির বিবৃতি থেকে তার নাম প্রত্যাহার করে নেন।
এছাড়া আজকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় দুইজনকে ক্ষমা প্রদান করেছেন ট্রাইব্যুনাল।
এর আগে আরো দুই মেয়াদে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় শাহদীন মালিক, আসিফ নজরুলসহ ২৪ জনকে নিঃশর্ত ক্ষমা প্রদান করেন ট্রাইব্যুনাল।
পরে আরো নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় আরো দুজনকে ক্ষমা করে ট্রাইব্যুনাল অবশিষ্ট ২৩ নাগরিকের বিরুদ্ধে রুল জারি করেন।