নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য কিনতে হলে দেশে এতো উন্নয়ন হতো না।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেটে বিএআরসি মিলনায়তনে কৃষি গবেষণা ইনিস্টিটিউটের ‘মাসব্যাপী অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০১৫’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘দেশে প্রাকৃতিক বিপর্যয়তো রয়েছেই। কিন্তু চলতি বছরের প্রথম ৪ মাস মানুষ্য বিপর্যয় ঘটেছে। এতে হাজার হাজার কোটি টাকার কৃষি পণ্যের ক্ষতি হয়েছে।’
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মণ্ডল।
প্রবন্ধে তিনি বলেন, ‘দেশে নতুন নতুন হাই-ব্রিড ধান, ভুট্টা, বেগুন, লেবু, টমেটো চাষের গবেষণা হচ্ছে। এতে করে দেশের অর্থনীতিতে কৃষির নতুন মাত্রা যোগ হচ্ছে। কৃষি গবেষণা ইনিস্টিটিউট এ পর্যন্ত ২শ ৬টি ফসলের হাইব্রিডসহ ৪শ ৫৩টি উচ্চ ফলনশীল, উন্নতজাত বিষয়ক ৯শটির বেশি প্রযুক্তি উদ্ভাবন করছে।’
কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য মো. মকবুল হোসেন, মো. আব্দুল মান্নান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিটিউটের গবেষণা পরিচালক ড. মোহাম্মদ জালাল উদ্দীন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ প্রমুখ।

