আন্তর্জাতিক ডেস্ক : এবার মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইটে হামলা চালিয়েছে হ্যাকাররা। আর্মিডটমিল নামের ওই ওয়েবসাইটটি সোমবার দুপুর পর্যন্ত অচল ছিল। এই প্রথম মার্কিন সেনাবাহিনীর সরাসরি পরিচালিত ওয়েবসাইট হ্যাক করার ঘটনা ঘটল।
সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি নামের একটি একটি হ্যাকার গোষ্ঠী টুইটার বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। সিরিয়ার সন্ত্রাসীদের মার্কিন সহায়তা এবং প্রশিক্ষণ দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই সাইবার হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।
হ্যাক করার পর মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইটে হ্যাকাররা- ‘সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেয়া বন্ধ কর’ এবং ‘মার্কিন সরকার দুর্নীতিবাজ’-বার্তা লেখা ছিল।
গোষ্ঠীটি টুইটারে যে ছবি প্রকাশ করা হয়েছে তা দেখে মনে হচ্ছে, মার্কিন সেনাবাহিনীর ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নেয়ার জন্য লাইমলাইট ম্যানেজমেন্ট সিস্টেম’স কন্ট্রোল ব্যবহার করেছে তারা।
সাইবার হামলার পরিপ্রেক্ষিতে ওয়েবসাইট অচল হয়ে পড়ার কথা নিশ্চিত করেন মার্কিন সেনা কর্মকর্তারা। তারা বলেছেন, হোম পেইজে হ্যাকাররা হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখা হয়। সেনাবাহিনীর তথ্য যেন হাতিয়ে নিতে না পারে সে জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ম্যালকম ফ্রস্ট এক বিবৃতিতে দাবি করেন।
জার্মানিতে অনুষ্ঠিত শিল্পোন্নত সাত দেশের ফোরাম জি-৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সাইবার নিরাপত্তা সংক্রান্ত নতুন আইনে প্রণয়নের আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালানো হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে মার্কিন সরকারের কর্মী ব্যবস্থাপনা দফতরে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা দেশটির কর্মরত ও সাবেক ৪০ লাখ কর্মীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছিল। এ ঘটনায় চীনের সংশ্লিষ্টতা রয়েছে অভিযোগ করেছিলেন মার্কিন কর্মকর্তারা।

