আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াই চালিয়ে যেতে ইরাকি সেনাবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের কোন পরিপূর্ণ কৌশল নেই বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সোমবার জার্মানীতে অনুষ্ঠিত শিল্পোন্নত দেশগুলির জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আব্বাদির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইরাকি সেনাদের যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণ ও গত কয়েক মাস ধরে মার্কিন বিমান হামলা সত্বেও ইরাক ও সিরিয়ার বিস্তীর্ন অঞ্চল দখল করেছে আইএস।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ওবামা দাবি করেছেন যেসব জায়গায় ইরাকি সেনাদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছে সেখানে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া অনেক সময় ইরাকি সেনারা অস্ত্রের দিক থেকে দুর্বল হয় এবং তাদের মনোবলও দুর্বল হয়।
ওবামা বলেন,‘ আমরা আরও বেশি ইরাকি নিরাপত্তাবাহিনীর সদস্যকে প্রশিক্ষণ দিতে চাই, নতুন ও ভালো অস্ত্রে সজ্জিত এবং লক্ষ্যস্থির সম্পন্ন। আব্বাদিও একই জিনিস চাইছেন। তাই আমরা আমরা কি করে সেটি করতে পারি সেই পরিকল্পনার বিশালতা আমরা পর্যালোচনা করছি।’
তিনি বলেন, ‘আমাদের এখনও পরিপূর্ণ কৌশল হাতে নেই। কারণ এর জন্য ইরাকি কর্তৃপক্ষের প্রতিশ্রতির প্রয়োজন, যার মধ্যে রয়েছে কিভাবে নিয়োগ হবে, কিভাবে প্রশিক্ষণ দেয়া হবে।’

