অর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬৭ শতাংশ। গত বছর এ সময় মোট এডিপি বাস্তবায়নের হার ছিল ৬৬ শতাংশ।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের নিয়মিত বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ১১ মাসে এডিপি’তে মোট খরচ হয়েছে ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৪২ হাজার ১৬১ কোটি টাকা। এ বছর প্রায় ৯ হাজার ৮০০ কোটি টাকা বেশি খরচ করা হয়েছে।
এডিপি বাস্তবায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এডিপি বাস্তবায়ন হার অনেক ভালো অবস্থানে আছে। অর্থবছরের প্রথম কোয়ার্টারে (জুন-সেপ্টেম্বর) এডিপি বাস্তবায়ন ভালো হয় না। এর প্রধান কারণ প্রথম কোয়ার্টার বর্ষা ও বাদল লেগে থাকে। এতে করে প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয় না। ফলে পরের দুই কোয়ার্টারে এ চাপ সামলে নেয়া হয়।

