আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর দল ‘ইনস্টিটিউশনাল রেভ্যুলেশনারি পার্টি’ সংক্ষেপে পিআরআই।
কংগ্রেস নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন পিআরআই পেয়েছে প্রায় ৩০ শতাংশ ভোট। তবে জয় পেলেও তাদের ভোটের হার কিছুটা কমেছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ইলেকটোরাল ইনস্টিটিউটের প্রাপ্ত ভোট সংখ্যা হচ্ছে ২২ ভাগ।
ব্যাপক দাঙ্গা হাঙ্গামা এবং সহিংসতার মধ্য দিয়ে রোববার এ নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নির্বাচনের আগে মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর হাতে কয়েকজন প্রার্থী নিহত হয়েছিলেন।
এদিকে ভোটের দিন সকালে মেক্সিকোর নিখোঁজ ৪৩ ছাত্রের অভিভাবকরা টিক্সটলা শহরে বিক্ষোভ করেছেন বলে বিবিসি জানিয়েছে। এছাড়া বুথকেন্দ্রে গিয়ে ব্যালটে অগ্নিসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন বিদ্রোহী শিক্ষকরা। ‘সেন্ট টিচার্স ইউনিয়নের’ ওই শিক্ষকরা রোববার ভোট শুরুর আগে চিয়াপাস প্রদেশে কমপক্ষে পাঁচটি দলের কার্যালয়ে হামলা চালান। ইউনিয়নটি দেশের শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে।

