ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মেঘনা নদীতে চলাচলকারী নৌযানে ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা নেবে এমন আশ্বাসের পর অনির্দিষ্টকালের জন্য ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করেছে নৌযান শ্রমিক ফেডারেশন। ফলে রোববার রাত ৯ টা থেকে ফের নৌযান চলাচল শুরু করে। সব রকম পণ্য উঠানামায় সচল হয় আশুগঞ্জ বন্দর।
রোববার রাত ৮ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শ্রমিক ও মালিক সমিতির এক যৌথ সভায় পুলিশ ও উপজেলা প্রশাসনের আশ্বাসে নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এর আগে মেঘনা নদীতে চলাচলকারী নৌযানে ডাকাতি বন্ধ ও ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্যে নৌ ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিক ফেডারেশন। ফলে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে নৌযান চলাচল এবং সকল প্রকার পণ্য উঠানামা বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম।
বৈঠকে আশুগঞ্জের ইউএনও সন্ধীপ কুমার সিংহ, ওসি আবু জাফর ও এসআই মো. সেলিম উদ্দিন, নৌযান মালিক সমিতির (পূর্বাঞ্চল) সভাপতি নাজমুল হোসেন হামদু, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বাহার মাষ্টারসহ পুলিশ প্রসাশন ও মালিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নৌযান মালিক ও শ্রমিক সূত্রে জানা যায়, ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জের মেঘনা নদীতে হাজি ইমান আলী নামের একটি জাহাজ ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে আশুগঞ্জ সার কারখানা এলাকায় দুর্ধর্ষ ডাকাতির কবলে পড়ে। এ সময় ডাকাতরা জাহাজে উঠে শ্রমিকদের মারধর করে ২শ লিটার তেল, ৯টি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এই ঘটনায় আশুগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ মামলা রেকর্ড করেনি এবং কাউকে গ্রেপ্তার করেনি।
এরই প্রতিবাদে আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার ভোর থেকে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এতে ভোর থেকে কোন কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দর থেকে ছেড়ে যায়নি। ফলে বন্ধ রয়েছে আশুগঞ্জ বন্দরে সার, রড, সিমেন্ট ও পাথরবাহী দেড় শতাধিক কার্গো জাহাজ।
পরে রোববার রাত ৮ টায় এক যৌথ সভায় প্রশাসন ডাকাতদের ধারার ব্যাপারে মালিক ও শ্রমিকদের আশ্বস্ত করলে মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট প্রত্যাহার করে নেয় এবং রাত ৯ টায় নৌ চলাচল ফের শুরু হয়।
এ ব্যাপারে নৌযান মালিক সমিতির (পূর্বাঞ্চল) সভাপতি নাজমুল হোসেন হামদু বলেন, ‘পুলিশ ডাকাতির ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে নৌযান মালিক ও শ্রমিক ফেডারশেন অনিদিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। পাশাপাশি অচিরেই যদি এ ব্যাপারে তাদের দাবি অনুযায়ী প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আবারও কঠোর কর্মসূচি দেয়া হবে।’
আশুগঞ্জ থানার ওসি আবু জাফর নৌ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
অনির্দিষ্টকাল নৌ ধর্মঘটে আশুগঞ্জ বন্দর অচল

