আন্তর্জাতিক ডেস্ক : জেনেভায় আগামী ১৪ জুন ইয়েমেনের শিয়াপন্থি হুতি বিদ্রোহী এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
জাতিসংঘ এমন এক সময় আলোচনার ঘোষণা দিল যখন সৌদি আরবের সঙ্গে সংঘর্ষে ব্যস্ত রয়েছে হুতিরা। শনিবার তারা সৌদি আরবের ভূখণ্ডে স্কাড নিক্ষেপ করলে তা ব্যর্থ করে দেয় রিয়াদ। এ সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবের বিমান প্রতিরক্ষা বাহিনী তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র বিদ্রোহীদের নিয়ন্ত্রিত সাবা সংবাদ সংস্থাকে জানিয়েছে, তারা সৌদি যুবরাজ খালেদের বিমান ঘাঁটি খামিস মুশাইত লক্ষ্য করে শনিবার ওই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনে গত কয়েক মাসের সংঘাতে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন সব পক্ষকে কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়া মুক্ত মনে ওই আলোচনায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে বিবিসি’র মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সিবাস্তাইন উশের বলেছেন, ইয়েমেনের সালেহ এবং মানসুর হাদি এই দুই সরকার এবং হুতি বিদ্রোহীরা ১৪ জুনের শান্তি আলোচনায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছেন। আলোচনা শুরুর আগেই তারা নিজেদের শক্তি বাড়িয়ে নিচ্ছেন।

