আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে পাঁচটি নৌকা থেকে শনিবার দুই হাজারের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এখনো সাগরে ভাসছে আরো সাতটি নৌকা। ‘মাইগ্রেন্ট অফসোর এইড স্টেশন’ সংক্ষেপে এমওএএস এবং ইতালির উপকূলীয় রক্ষীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
শনিবার এক টুইটার বার্তায় এমওএএস গোষ্ঠীটি জানিয়েছে,তাদের সহযোগিতায় ইতালি, আইরিশ এবং জার্মান জাহাজে করে দুই হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের বহনকারী নৌকাগুলো লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগরে এসেছিল বলেও তারা জানিয়েছে। তবে উদ্ধারকৃতরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এমওএএস বলছে, শনিবার এক নৌকা থেকেই ৩৭২ জনকে উনকে উদ্ধার করা হয়েছে যাদের অধিকাংশই আফ্রিকার দেশ ইরেত্রিয়ার নাগরিক।
তবে ইতালির উপকূলীয় রক্ষীরা উদ্ধারকৃতদের সংখ্যা নিশ্চিত করেনি। এক বিবৃতিতে তারা কেবল জানিয়েছে, ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী এক ডজন নৌকার খোঁজ পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান এখনো চলছে।
এদিকে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা জানিয়েছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৪৬ হাজার ৫শ অভিবাসন প্রত্যাশী ইতালি এসে পৌঁছেছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের চাইতে ১২ ভাগ বেশি।
প্রসঙ্গত, চলতিবছর লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেড়ে গেছে। ইউরোপ যাওয়ার প্রধান ট্রানজিট রুট হচ্ছে লিবিয়া। মানব পাচারকারীরা ইউরোপ নিয়ে যাওয়ার জন্য অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে মাথাপিছু ৬৯ লাখ ১৯ হাজার ৭৫০ টাকার (৮৯ হাজার ডলার) নিয়ে থাকেন। সম্প্রতি এক অনুসন্ধানের মাধ্যমে এ তথ্য উদ্ধার করেছে ইতালিয় আদালত।

