নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে রোববার দুপরে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করবেন।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অটল বিহারি বাজপায়ির স্বাধীনতা সম্মাননা প্রদান অনুষ্ঠান বেলা ১টায় শুরু হয়েছে।
এর আগে বেলা ১২টা ৩৮ মিনিটে নরেন্দ্র মোদির গাড়িবহর বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে স্বাগত জানান। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও সম্মাননা গ্রহণ শেষে মোদি তার সম্মানে আয়োজিত রাষ্ট্রপতির বিশেষ মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন।
বঙ্গভবনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং সরকারের উর্দ্ধতন কর্মকর্তারা।
দুপুরে খানিকটা বিশ্রামের পর বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর একে একে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হোটেল সোনারগাঁওয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।
সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদির বিশেষ বক্তৃতা। সেখান থেকেই তিনি সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখানে রাত ৮টা ১০ মিনিটে ভিভিআইপি টারমাকে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টা ২০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে করে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়বেন নরেন্দ্র মোদি।
এর আগে ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে প্রার্থনার মধ্য দিয়ে সফরের দ্বিতীয় দিনের কার্যসূচি শুরু করেন নরেন্দ্র মোদি। এরপর তিনি রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশেনে যান। সেখানে তিনি হাইকমিশনের চ্যান্সেরি উদ্বোধন করেন। পরে সেখান থেকে হোটেল সোনারগাঁওয়ে যান বিশ্রাম নিতে।

