পাঞ্জেরী ডেস্ক : নেপালে ভূমিকম্প কবলিত দুর্গত মানুষদের সহায়তা প্রদানে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড। আন্তর্জাতিক সম্প্রদায় ভূমিকম্পে নেপালে বিপুল ক্ষয়ক্ষতিতে হতবিহ্বল হয়েছে। আর এরই ধারাবাহিকতায় করপোরেট সোশাল রেসপনসিবিলিটি বা করপোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে ব্র্যাক ব্যাংক তার সামর্থ্য অনুযায়ী নেপালে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে।
সহায়তা হিসেবে নেপালে ৫২০টি তাবু সরবরাহ করছে ব্র্যাক ব্যাংক। তাবুগুলো ২০x৯.৫ ফুট। ভূমিকম্পের সময় যেসব মানুষ নিজেদের বাড়িঘর হারিয়েছেন, তাদের সহায়তায় কাজে আসবে এসব তাবু। তাবুগুলো নেপালে সরবরাহের জন্য বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ব্র্যাক ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা এই তহবিলে তাদের ১ দিনের বেতন অনুদান হিসেবে প্রদান করে নেপালে ভূমিকম্পদুর্গতদের প্রতি নিজেদের একাত্ম প্রকাশ করেছেন।
ব্র্যাক ব্যাংক লিমিটডের হেড অফ কমিউনিকেশনস ও সার্ভিস কোয়ালিটি জারা মাহবুব বলেন, ‘আমরা বিশ্বাস করি, মানুষের যখনই সহায়তা প্রয়োজন- তা যে কোনো উপায়ে হোক, তাতে আমাদের এগিয়ে আসা জরুরি। সারাবিশ্বের মানুষ নেপালে ভূমিকম্প দুর্গতদের পাশে নানা উপায়ে এগিয়ে এসেছেন। আমরা অনুভব করেছি যে, এই তাবুগুলো- নেপালে যেসব মানুষ সব হারিয়েছেন; তাদের জন্য দারুণ উপযোগী হিসেবে বিবেচিত হবে। আমরা বিশ্বাস করেছি, আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন অনুদান হিসেবে প্রদানের মধ্যদিয়ে আমরা সকলে ভালো কাজের জন্য যে একতাবদ্ধ- এই প্রত্যয় আরো দৃঢ় হলো।’

