অর্থনৈতিক প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একইসঙ্গে শ্রমিকদের জন্য রেশনিং, কলোনি, নিরাপদ মাতৃত্বকেন্দ্রেরও দাবি জানানো হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সম্প্রসারিত মিলনায়তনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘দেশের ৫৫০০ গার্মেন্টস কারখানায় কাজ করেন ৪২ লাখ শ্রমিক। এরা স্বল্প মজুরি, অস্বাস্থ্যকর পরিবেশ, অনিরাপদ সন্তান প্রসব ব্যবস্থা, পরিবহন সঙ্কট, বাসস্থান ইত্যাদি সমস্যায় জর্জরিত। গার্মেন্টস শ্রমিকদের এসব সমস্যা সমাধানের দায়িত্ব প্রধানত গার্মেন্টস মালিক ও বায়ারদের। তবে রাষ্ট্র এবং সরকারেরও অবশ্যই দায়িত্ব রয়েছে এসব সমস্যা সমাধানের। কিন্ত প্রস্তাবিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের সমস্যা সমাধানের কোনো দিক নির্দেশনা না থাকায় গার্মেন্টস শ্রমিকরা হতাশ ও উদ্বিগ্ন।’
তিনি বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের এসব সমস্যা সমাধানের জন্য আমরা ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ৬টি থাতে বিশেষ বরাদ্দ রাখার জন্য সরকারের কাছে আবারো দাবি জানাচ্ছি। দাবিগুলো হলো- গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, গার্মেন্টস শিল্প এলাকায় গার্মেন্টস শ্রমিক কলোনি নির্মাণ করা, নারী শ্রমিকদের জন্য গার্মেন্টস অধ্যুষিত এলাকায় নিরাপদ মাতৃত্ব কেন্দ্র স্থাপন করা, নারী শ্রমিকদের শিশু সন্তান দেখাশোনার জন্য গার্মেন্টস শিল্পাঞ্চলে শিশু লালন কেন্দ্র স্থাপন করা, গার্মেন্টস শ্রমিকদের পরিবহনের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দ রাখা, শিল্প এলাকাভিত্তিক শ্রমিকদের জন্য হাসপাতাল স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতায় বরাদ্দ রাখা।’
এসব দাবি পূরণ না হলে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে যাত্রাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারিও দেয়া হয়েছে অনুষ্ঠান থেকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, সদস্য নূরুন নাহার, আরিফা আক্তার, মো. ইলিয়াস, মো. কবির হোসেন, নাসিমা আক্তার, সুইটি আকতার প্রমুখ।

