অর্থনৈতিক প্রতিবেদক : দেশে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও আবাসন খাত সেই আগের সংকট থেকে এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশনের (রিহ্যাব) সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান।
শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলা-২০১৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘কিছুদিন আগেও দেশে অস্থির পরিস্থিতি বিরাজমান ছিল। সেই সময় চরম মন্দাবস্থা তৈরি হয় আবাসন খাতে। বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে ঠিক কিন্তু আবাসন খাত সেই আগের সংকট থেকে মুক্ত হতে পারেনি।’
তিনি বলেন, ‘এ খাতের সঙ্গে সম্পৃক্ত প্রায় দুইশতাধিক শিল্পও সংকটে আছে। জাতীয় প্রবৃদ্ধিতে প্রায় ১৯ শতাংশ ভূমিকা রাখার বিষয়টি এ খাতে স্থবিরতার চিহ্ন সুস্পষ্ঠ করেছে।’
এই মন্দাবস্থার কারণ হিসেবে তিনি বলেন, ‘তিন বছরের বেশি সময় পর্যন্ত গ্যাস সংযোগ বন্ধ থাকায় সোলার প্যানেল সংযোগের শর্তযুক্ত বিদ্যুৎ সংযোগ, ক্রেতা পর্যায়ের ঋণের অভাব যথোপযুক্ত বিনিয়োগের অভাব, জমির মূল্য ও নির্মাণ সামগ্রীর উর্ধ্বগতি, ব্যাংক ঋণের উচ্চমাত্রার এবং ভবনের নকশা অনুমোদনের দীর্ঘসূত্রিতা, ইত্যাদি কারণে আবাসন খাত দিন দিন মারত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।’
তিনি বলেন, ‘আবাসন ছাড়া নাগরিকের স্বাভাবিক জীবন-যাপন অসম্ভব। তাই সাধারণ মানুষের জন্য এই খাতের ঘুরে দাঁড়ানো জরুরি। কেননা এ খাত এগয়ে গেলে মৌলিক চাহিদা পুরণের পাশাপাশি দেশের শিল্প কারখানা ও অর্থনীতির সমৃদ্ধি ঘটবে।’
তিনি গ্রীষ্মকালীন মেলা সম্পর্কে বলেন, ‘রিহ্যাবের এই মেলা শুরু হবে আগামী ৯ জুন মঙ্গলবার। ওই দিন বিকেল ৫টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলা চলবে আগামী ১২ জুন পর্যন্ত।
রিহ্যাবের সহ-সভাপতি রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সহ-সভাপতি লিয়াক আলী ভূইয়া, মো. আনোয়ারুজ্জান, যুগ্ম সম্পাদক শাকিল কামাল চৌধুরী ও কোষাধ্যক্ষ মো. ইনায়েত উল্লাহ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহ-সভাপতি রবিউল হক বলেন, ‘বর্তমানে রিহ্যাবের প্রায় ১০ হাজার ফ্ল্যাট অবিক্রিত রয়েছে। দাম না কমায় এসব ফ্লাট বিক্রি হচ্ছে না।
আর দাম বাড়ার কারণ হিসেবে জমি ও বিল্ডিং তৈরির সরঞ্জজামের মূল্যবৃদ্ধিকে দায়ী করেন তিনি।
প্রঙ্গত, স্বল্পমূল্যে সব গ্রাহকের কাছে আবাসন সুবিধা দেয়ার জন্য ২০০৭ সাল থেকে গীষ্মকালীন মেলার আয়োজন করে আসছে রিহ্যাব।

