অর্থনৈতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘দিতে পারবে বলেই বাজেটে মোবাইল ফোনের সেবায় ৫ শতাংশ শুল্ক প্রস্তাব করা হয়েছে।’
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তেনে বাজেটোত্তোর সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মোবাইল ফোনের সেবায় ৫ শতাংশ শুল্ক ধরা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের কর রয়েছে। আমার মনে হয়, সবাই এটা দিতে পারবেন।’
মুহিত বলেন, কথায় কর আরোপ করা হলেও সিমের শুল্ক হার কমোনো হয়েছে।
তবে মোবাইল ফোন অপারেটররা বলছেন, প্রস্তাবিত কর হার কার্যকর হলে গ্রাহকদের ব্যয় বেড়ে যাবে।
তারা জানিয়েছেন, এখন গ্রাহকরা ১০০ টাকায় ১৫ টাকা কর দেন। নতুন প্রস্তাব কার্যকর হলে আরও ৫ টাকা অতিরিক্ত ব্যয় হবে। এরসঙ্গে এক শতাংশ সারচার্জও যুক্ত হবে অর্থাৎ ১০০ টাকায় গ্রাহককে ২১ টাকা খরচ করতে হবে। এরফলে নিজেদের আয়ও কমে যাবে বলে আশঙ্কা অপারেটরদের।
উল্লেখ্য, গত ৩০ মার্চ মোবাইল ফোন ব্যবহারের উপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপের একটি আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা।

