পাঞ্জেরী ডেস্ক : বাংলাদেশের নাগরিকদের ভারতে কাজের বিশেষ সুযোগ চাইবেন শেখ হাসিনা। এ সংক্রান্ত একটি প্রস্তাব তিনি তুলে ধরবেন নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে।
শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের যেসব নাগরিক ভারতে গিয়ে কাজ করতে চান তাদের কাজের সুযোগ করে দিতে ‘বিশেষ অনুমতি’ (স্পেশাল পারমিট) চাওয়া হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক বৈঠকে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হবে।
গত বছরের জুনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের সময় প্রথমবারের মতো প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভি জানান, আমরা বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই। এতে দুই দেশই লাভবান হবে।
তিনি বলেন, ‘শ্রমিকদের চলাচল’ নির্ভর করবে অর্থনৈতিক বিষয়ের ওপর। বাংলাদেশী শ্রমিকরা ভারতে যেতে পারলে সেখানকার ধান-পাট কাটাও সহজ হবে। বাংলাদেশী শ্রমিকরাও সেই কাজের বিনিময়ে অর্থও আয় করবে। আর তারা ভারতে যেতে না পারলে সেখানকার কৃষিপণ্য ঘরে তোলাও ব্যাহত হবে।
গওহর রিজভি বলেন, ‘শ্রমিক চলাচলের বিষয়টি বিতর্কিত কিছু নয়। আমরা দুই দেশের নাগরিকদের কল্যাণেই কাজ করছি।’

