ঢাকাSaturday , 6 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উষ্ণ অভ্যর্থনায় সিক্ত মোদি

Link Copied!

modi-hasinaনিজস্ব প্রতিবেদক : আকাশে ‘রাজদূত’। ভূমিতে অপেক্ষমান বাংলাদেশ। বহু প্রতিক্ষীত, চমকের প্রত্যাশার সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘রাজদূত’র দুই পাশে উড়ছে দুই দেশের জাতীয় পতাকা। সকাল সোয়া ১০টার কিছু আগে ভারতের বিমানবাহিনীর বিশেষ বিমানটি অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথমে তার চিরাচরিত ভঙ্গিতে করজোড়ে নমস্কার, এরপর ডান হাত নাড়িয়ে উপস্থিত সকলকে অভিবাদন জানান নরেন্দ্র মোদি।
সহাস্যে তাকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
সাদা পাঞ্জাবির উপর মোদির ‘ট্রেডমার্ক’ ছাই রঙের নেহেরু কোট পরে আসা মোদিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানায় লাল-সবুজ শাড়ি শাড়ি পরা ছোট্ট এক শিশু। এরপর তাকে নিয়ে বিমানবন্দরে নির্মিত বিশেষ মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে প্রথমেই বিউগলে বেজে উঠে ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণমন-অধিনায়ক জয় হে’। এরপর বিউগলে সুর ওঠে আমাদের জাতীয় সঙ্গীতের-‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’। এরপর মোদিকে তিন বাহিনীর সম্মিলিত এক চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে ‘ধন ধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ গানের সুর বেজে ওঠে।
গার্ড অব অনার প্রদান শেষে নরেন্দ্র মোদিকে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আইনমন্ত্রী আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ প্রমুখ। ছিলেন তিন বাহিনীর প্রধানও।