নিজস্ব প্রতিবেদক : আগামী ১ জুলাই দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৪তম প্রতিষ্ঠা দিবস। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা দিনটিকে ঢাকা বিশ্ববিদ্যায়র দিবস হিসেবে পালন করে থাকেন। এ দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। ১ জুলাই সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বরে কর্মসূচীর উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘উচ্চশিক্ষা ও টেকসই উন্নয়ন।’
প্রস্তুতি সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ডিন, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, অফিস প্রধান ও বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যথাযথভাবে দিবসটি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনকে আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন হলে জমায়েত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলগুলোর পতাকা উত্তোলন শেষে সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রা সহকারে টিএসসিতে যাওয়া হবে। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা র্যালিতে অংশ নেবেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও হল দিনব্যাপী নিজস্ব কর্মসূচী গ্রহণ করেছে। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর সঙ্গে সমন্বয় করে কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে।

