বিনোদন ডেস্ক : সাপ নিয়ে নাচার সময় হাতে পেঁচানো সাপের ছোবল খেলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। কিশোর মাহমুদের ‘বিষ’ চলচ্চিত্রের শুটিং চলাকালে আজ বিকালে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
পুবাইলে সহশিল্পী সাব্বির, এ কে আজাদ সেতু ও দোলনের সঙ্গে ‘বাইদ্যার ঘরের কন্যাগো আমি’ গানের সঙ্গে নাচের শুটিং করছিলেন চাঁদনী। একটি দৃশ্যের প্রয়োজনে একটি সাপ হাতে পেঁচিয়ে নাচতে থাকেন তিনি। হঠাৎ করেই সাপটি ছোবল মারে তার হাতে। প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষন পরে মাথা ঝিম ঝিম করছে বলে জানান তিনি, সঙ্গে সঙ্গে পুবাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে ড্রেসিং করে দেয়া হলে সুস্থ বোধ করেন চাঁদনী।
দূর্ঘটনা প্রসঙ্গে নির্মাতা কিশোর মাহমুদ বলেন, ‘সাপের বিষদাঁত ভেঙেই দেখানো হয় সাপের খেল, ব্যবহার করা হয় শুটিংয়ে। যেহেতু বেদে জীবন নিয়েই ছবির পটভূমি, তাই বেশকিছুদিন থেকে সাপ নিয়েই শুটিং করছেন চাঁদনী। এই প্রথম এমন অপ্রীতিকর ঘটনা ঘটে। যদিও সাপটির বিষহীনতা নিয়ে বেদেরা নিশ্চিত করছিল বার বার, তবুও ঝুঁকি নেয়া হয়নি।’
পরবর্তীতে আরও সাবধানতা অবলম্বন করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রাথমিক ভয়টা কেটে গেলে বিশ্রামে আছেন চাঁদনী।

