স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুশীলন করতে গিয়ে বাঁ-হাতের তর্জনিতে চিড় ধরা পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের। এই ইনজুরির কারণে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ডানহাতি এ ব্যাটসম্যানকে। ফলে রিয়াদের পক্ষে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে আর খেলা হচ্ছে না।
রিয়াদের পরিবর্তে টেস্ট স্কোয়াডে নাসির হোসেন নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে স্লিপে ক্যাচ ধরার অনুশীলনের সময় বাঁ-হাতের তর্জনিতে চোট পান মাহমুদুল্লাহ। পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এক্সরেতে আঙুলে চিড় ধরা পড়ে।
মাহমুদুল্লাহ’র আঙ্গুলের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘রিয়াদের বাঁ-হাতের তর্জনিতে চিড় ধরা পড়েছে। তাতে করে তাকে কমপক্ষে তিনি থেকে চার সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে। এসময় তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বর্তমানে সে বিসিবির মেডিক্যাল টিমের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবে।’
এদিকে একই দিনে বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে দেশসেরা এই পেসারের হাতের তালুর ক্ষত নিয়ে খুব একটা চিন্তিত নন বিসিবির মেডিক্যাল টিম। কেননা, ভারতের সঙ্গে এখনও ওয়ানডে সিরিজ শুরু হতে অনেকদিন বাকি আছে। তাই এই সময়ের মধ্যে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন তারা।
মাশরাফিকে নিয়ে জাতীয় দলের ফিজিও বায়োজিদ ইসলাম খান বলেন, ‘তার দুই হাতের সামান্য ক্ষতস্থানে ড্রেসিং করা হয়েছে। তবে আমরা আশাবাদী সে (মাশরাফি) আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে সুস্থ্য হয়ে উঠবে।’

