কুমিল্লা প্রতিনিধি : চান্দিনায় বাসে পেট্রোলবোমা হামলায় সাতজন দগ্ধ হওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া আবদুর রাজ্জাক (৩৫)।
বৃহস্পতিবার দুপুরে তাকে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালত-৭ এ হাজির করা হয়।
বিকেলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আব্দুর রাজ্জাক হামলায় নিজের সংশ্লিষ্টতা ও দায় স্বীকার করেন।
চান্দিনা থানার সেকেণ্ড অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, আটক আব্দুর রাজ্জাককে দুপুরে আদালতে হাজির করা হয়। বিকেলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এসময় তিনি পেট্রোলবোমা হামলায় সংশ্লিষ্ট আরো ৮জনের নাম প্রকাশ করেন।
আবদুর রাজ্জাক নোয়াখালীর সুধারাম উপজেলার শোল্যাকিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি জামায়াতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানায় পুলিশ। কয়েক ধরে চান্দিনা উপজেলা সদরের পার্শ্ববর্তী দেবীদ্বার উপজেলার ভাগুর গ্রামে একটি ভাড়া বাড়িতে তিনি বাস করতেন।
গত ২ জুন দিনগত রাতে কুমিল্লার চান্দিনায় রাঙামাটিগামী যাত্রীবাহী ইউনিক বাসে পেট্রোলবোমা হামলায় সাতজন দগ্ধ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বুধবার রাতে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন রাজ্জাক। এসময় চান্দিনা উপজেলা জামায়াতের আমির আবুল বাশারসহ সাতজনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।


