নিজস্ব প্রতিবেদক : স্বামীর সঙ্গে ঝগড়া করে ৫তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন রীমা শাহরিয়া (১৮) নামের এক তরুণী।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোর ৪টায় রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকায়। এ ঘটনায় পুলিশ রীমার স্বামীকে আটকে রেখেছে।
স্বামী সাদ শাহরিয়া (২৫) জানান, তিনি একজন কণ্ঠশিল্পী তার বাড়ি সাভারের হেমায়েতপুরে। রীমা যাত্রাবাড়ির একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গত ৩ মে তারা প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর উত্তর যাত্রাবাড়ির ১ নম্বর বিবির বাগিচার বাসা নিয়ে থাকেন। বিয়ের এক মাস যেতে না যেতেই তাদের মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়া হতে থাকে। তুচ্ছ বিষয় নিয়ে ঝড়গার এক পর্যায়ের মঙ্গলবার ভোর ৪টার দিকে ৫ তলা থেকে লাফ দিয়ে পাশের বাড়ির ৩ তলায় গিয়ে পড়ে।
গুরুতর আহত অবস্থায় রীমাকে তার স্বামী ও প্রতিবেশীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছে রীমার একটি পা ভেঙে গেছে। তার অবস্থা গুরুতর।
ঢামেক পুলিশ ক্যাম্পের দায়িত্বরত এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, ‘আমরা এ ঘটনার জন্য ছেলেটিকে (সাদকে) আটকে রেখেছি। মেয়েটির অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট থানা পুলিশ ব্যবস্থা নেবে।’

