চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জেলার ভোলাহাটের ঝাউবোনা গ্রামে নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে ৪ জন গুলিবিদ্ধ। এ সময় স্থানীয় জনতার ইট-পাটকেলে ২ পুলিশসহ পিকআপ ভাঙচুরের ঘটনা ঘটে।
সোমবার রাত সাড়ে ৯টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- ঝাইবোনা গ্রামের মুসলিমের ছেলে রবু (৪০), মাহালোর ছেলে সাইফুদ্দীন (৫৫), গাজির ছেলে হানিফ (৩০), ইনতাজের ছেলে আনোয়ার (৩২)।
ভোলাহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, গত রোববার ঝাউবোনা গ্রামের শ্রী বিজন একই গ্রামের এক মুসলিম মেয়ের বাড়িতে ঢুকে কথিত শ্লীলতাহানীর অভিযোগ আনে স্থানীয়রা। এ ব্যাপারে সোমবার তার বিচার করার দিন ধার্য করা হয়। সোমবার রাতে বিচারের দাবিতে লোকজন বিজনকে ঘিরে ফেললে পুলিশ এসে বিজনকে থানায় নিয়ে যাবার চেষ্টা করে। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে ঘিরে ফেলে। পুলিশ অবস্থা বেগতিক দেখে রাবার বুলেট নিক্ষেপ করলে চার জন গুলিবিদ্ধ হয়। এ সময় স্থানীয় জনতার ইট-পাটকেলে ভোলাহাট থানার এসআই শিশির চক্রবর্তী, কনেস্টেবল ইনতেখাত ও মঈনুদ্দীন আহত হয়। স্থানীয় জনতা পুলিশের পিকআপ ভাঙচুর করে।
গুলিবিদ্ধ ও আহত পুলিশদের ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও গুলিবিদ্ধ চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন আলী রাবার বুলেট নিক্ষেপ করার সত্যতা স্বীকার করেন।

