চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের পদ্মা নদীর লগ্মিমারাচর এলাকায় যাত্রীবাহী একটি লঞ্চে আগুন লেগেছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
লঞ্চের একটি কেবিনের এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় যাত্রীদের চিৎকারে লঞ্চের যাত্রীরা দিগবিদিক ছোটাছুটিতে বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
সূত্র জানায়, সকাল ১১টার দিকে যাত্রীবাহী লঞ্চ এমভি তুতুল চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পদ্মা নদীর লগ্মিমারাচর এলাকায় গেলে কেবিনের একটি এসি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। দ্রুত ওই কেবিনের লোকজন বেরিয়ে পড়ে।
এসময় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে আসা লঞ্চ এমভি সোনারতরীর কর্মচারী ও তুতুল লঞ্চের কর্মচারী ও যাত্রীদের সহাযোগিতায় আগুন নিয়েন্ত্রণে আনা হয়। খবর পেয়ে চাঁদপুর লঞ্চঘাট থেকে নৌ-দমকলকর্মী, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও চাঁদপুর বন্দর কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, এমভি তুতুল লঞ্চে থাকা যাত্রীদের এমভি বোগদাদিয়া-৯ নামের অপর একটি লঞ্চ দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লঞ্চের কেবিনে এই আগুনের সূত্রপাত। এতে লঞ্চের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে ফিরিয়ে আনা হয়।
একটি সূত্র জানায়, লঞ্চটি প্রায় ২ বছর বন্ধ থাকার পর আবার চালু করা হয়েছে। এতদিন যান্ত্রিক ত্রুটি ও বৈদ্যুতিক তারের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই লঞ্চটি চলাচল করায় জেনারেটরের অতিরিক্ত লোডের কারণে এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

