নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাষাণটেকে লাভলি আক্তার (১৮) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পল্লবীতে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন আরজু বেগম (৩০) নামে এক গৃহবধূ। রোববার সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে।
লাভলি যে বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন সেই বাসার গৃহকর্ত্রী ইরা বেগম পুলিশকে বলেছেন, বাথরুমে কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যান লাভলি।
ইরার মাধ্যমেই খবর পেয়ে ভাষাণটেক থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান রোববার বেলা ১১টার দিকে পশ্চিম ভাষাণটেকের ৬১/ই নম্বর বাসা থেকে লাভলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠান।
লাভলির বাবার নাম জানা যায়নি। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়াতে।
দুপুর পৌনে ১টার দিকে পল্লবী থানার এসআই বাবলা পল্লবীর ব্লক সির সেকশন ১২-এর ১০ নম্বর রোডের ৩ নম্বর বাসার সপ্তম তলা থেকে আরজু বেগমের মরদেহ উদ্ধার করেন। আরজুর স্বামীর নাম হারেছ মিয়া। পেশায় তিনি রিকশাচালক।
আরজু বেগমের ভাই বাবুল বলেন, ‘দাম্পত্য কলহের জের ধরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আরজু।’ এই দম্পতির একটি মেয়ে রয়েছে বলেও জানিয়েছেন বাবুল।
লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তেন জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আরজুর গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে।

