সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ওই গৃহবধূ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তার বাবার বাড়ি আছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীপ্রসাদ কান্দিগাঁও গ্রামে।
নির্যাতিতা গৃহবধূ সাহিদা বেগম জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের মো. বিলাল মিয়ার মেয়ে।
বিলাল মিয়া জানান, ২০১১ সালের ২৮ মে উপজেলার লক্ষ্মীপ্রসাদ কান্দিগাঁও গ্রামের বাসিন্দা মো. আব্দুল জলিলের ছেলে মো. নজরুল ইসলামের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। বিয়ের পর থেকে নজরুল তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেয়। একপর্যায়ে যৌতুক না পেয়ে সে প্রায়ই সাহিদার ওপর নির্যাতন চালাত।
গত ২১ মে যৌতুকের টাকার জন্য সাহিদাকে মারধর করেন নজরুল। পরে আহতাবস্থায় তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৪ দিন চিকিৎসা নিয়ে তিনি ২৫ মে বাবার বাড়ি ফিরেন।
বিলাল আরো জানান, তার মেয়ে সাহিদা বাদী হয়ে জৈন্তাপুর থানায় নারী নির্যাতনের মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে।

