কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশে গণতান্ত্রিক রীতি অনুযায়ী সব কাজকর্ম চলছে। যতক্ষণ মানুষ পোড়ানোর রাজনীতি বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপি ও আগুন সন্ত্রাসী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক রাজনীতি করার কোনো অধিকার নেই।’
শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়ার সার্কিট হাউজে প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যারা মানুষ পোড়াচ্ছে তারা বাদে সবাই গণতান্ত্রিক চর্চা করছে। সূতরাং বিএনপি নেতাকর্মীরা ঠিক করুক, মানুষ পোড়ানোর রাজনীতির প্রধান কারিগর বেগম খালেদা জিয়াকে তারা বাদ দেবে, নাকি সঙ্গে নিয়ে গণতন্ত্র পোড়ানোর চক্রান্ত করবে।’
এ সময় বিচার বর্হিভূত হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে যদি বিচার বর্হিভূত হত্যাকাণ্ডের কোনো অভিযোগ ওঠে সে ব্যাপারে তদন্ত হবে ও অতীতের মত দোষীদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং সাজা দেয়া হবে।’
এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, জেলা তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ প্রশাসনিক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

