লাইফস্টাইল ডেস্ক : আসছে পবিত্র শব-ই-বরাত। এই দিনে মুসলিম পরিবারে ইবাদত বন্দেগীর সঙ্গে চলে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন। নিজেদের খাওয়াসহ অতিথি আপ্যায়নে থাকে নানা ধরনের খাবার। তবে এই দিনে চালের গুঁড়ার রুটি থাকা যেন বাধ্যতামূলক। সেই রুটির সঙ্গে খেতে গরুর মাংস ভুনা বা ঝোল চাই-ই। গরুর মাংসের রেজালা হলে খাওয়ার মজা বেড়ে যায় আরও একধাপ। তাই আসুন আজ দেখে নেয়া যাক মাংসের রেজালা রান্নার সহজ পদ্ধতি।
যা যা লাগবে
গরুর মাংস ১ কেজি, টক দই ১ কাপ, পিঁয়াজ কুঁচি ২ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, জয়ফল বাটা আধা চা চামচা, জয়ত্রী বাটা আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ, টমেটো কুচি ১ কাপ, তেল ১৫০ গ্রাম, এলাচ ৮টি, দারুচিনি ২ টুকরা, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, ১০টা কাঁচা মরিচ ফালি, ঘি ২ টেবিল চামচ, গরম পানি ২ কাপ।
যেভাবে করবেন
গরম পানি, কাঁচা মরিচ, টমেটো এবং ঘি বাদে সব উপকরণ এক সঙ্গে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এবার একটি পাতিলে মেখে রাখা মাংস দিয়ে ঢেকে মৃদু আঁচে ৪৫ মিনিট ধরে রান্না করতে হবে। মাঝে মাঝে ভালভাবে নেড়ে দিতে হবে যেন পাতিলের তলায় মাংস লেগে না যায়। তেল মাংসের উপরে উঠে এলে টমেটো দিয়ে কষাতে হবে আরো ৫ মিনিট। এরপর গরম পানি মিশিয়ে ভালভাবে আরও ২০ থেকে ২৫ মিনিট রান্না করতে হবে। আবারও তেল মাংসের উপরে উঠে এলে লবণ চেখে কাঁচা মরিচ এবং ঘি ছড়িয়ে হালকা আঁচে আরো ১৫ থেকে ২০ মিনিট চুলার উপরে রেখে দিতে হবে। এবার পরিবেশন করুন ভাত বা রুটির সঙ্গে গরুর মাংসের রেজালা।

