নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেছেন, ‘গত ৩৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অর্জন তা কোনো রাষ্ট্রনায়ক করতে পারেনি। তাই সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার উদ্দেশ্যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মঞ্চ নির্মাণ করা হচ্ছে বৃহস্পতিবার বিকেলে তা পরিদর্শনে এসে এ কথা বলেন নাসিম।
তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রকে মুক্ত করেছেন। আইনের শাসন প্রতিষ্টা করেছেন। জঙ্গি দমন করেছেন। তারই নেতৃত্বে সমুদ্র বিজয় হয়েছে। তার দুরদর্শিতার কারণে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার এইসব অর্জনে দেশ-বিদেশে প্রসংশিত হয়েছে। তাই আগামী ২৯ মে ৩৪ বছরের অর্জনের জন্য কৃতজ্ঞ বাঙালী জাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে।’
নাসিম আরো বলেন, ‘ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে লাখ লাখ ছিটমহলবাসী মুক্তির স্বাধ পেয়েছে। শেখ হাসিনা শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি উন্নয়নের নেত্রী। তিনি আমাদের বিভিন্ন সময় সম্মান এনে দিয়েছেন। তাই লাখো জনতা ২৯ মে তাকে অভিনন্দন জানাবে।’
মোহাম্মদ নাসিম ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, কার্যনির্বাহী সদস্য ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু সেখানে উপস্থিত ছিলেন।

