নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী ধর্ষণের ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা দল আয়োজিত পহেলা বৈশাখে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি একথা বলেন।
রিপন বলেন, ‘যারা ধর্ষণ করছে তারা সবাই সরকার দলীয় লোক। নারী নির্যাতন ও ধর্ষণের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিও জানাই।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার একটি অনির্বাচিত সরকার। এই সরকারের কাছে কেউ সুষ্ঠু বিচার পাবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অনির্বাচিত সরকারকে হঠাতে হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা শাফার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব মোহাম্মাদ শাহজাহান, মহিলা দলের সহ-সভাপতি বেগম রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

