নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও আইন-বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভারতের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদি ও বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে বৈঠক তা হবে দক্ষিণ এশিয়ার মাইলফলক।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘চলমান রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন। সঙ্গে আসছেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই বিশ্ব মিডিয়া আজ নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার বৈঠকের দিকে তাকিয়ে আছে। এ বৈঠক হবে দক্ষিণ এশিয়ার মাইলফলক।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সংস্কৃতি, আচার-আচরণের মিল রয়েছে। মিল রয়েছে ৫৪টি অভিন্ন নদীর। আমরা চাই না ভারত-বাংলাদেশ সীমান্তে কোনো চোরাচালানি হোক। কোনো গোলাগুলি হোক। এই সীমান্ত হোক শান্তির।’
সুরঞ্জিত বলেন, ‘দুই বিশ্ব নেতার বৈঠকে বিশ্ব রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। ভারত ও বাংলাদেশে প্রতি বছর প্রায় ৮ লাখ লোক যাতায়ত করে। এমন আর কোনো দেশের সঙ্গে নেই। তাই বাংলাদেশের মানুষের আশা ভিসা পদ্ধতি আরো সহজ হোক। এ বিষয়ে দেশের জনগণ গভীর অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বাংলাদেশে যে পণ্য ভারত থেকে ঢুকে তাও যেন শুল্কমুক্ত থাকে।’
সাবেক এই মন্ত্রী আরো বলেন, ‘নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে আমরা আরো আশাবাদি হয়েছি। ভারতের সঙ্গে বাংলাদেশের যে অমীমাংসিত তিস্তা চুক্তি রয়েছে তারও একটা সুরাহা হবে। হতেই হবে। এতে দুই দেশের সম্পর্ক রক্ষা হবে। আর যদি এই চুক্তি বাস্তবায়ন না হয় তাহলে তা কেবল মাত্র অভ্যন্তরীণ রাজনীতির বাধার কারণে।’
বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা ডা. খন্দকার এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সংগঠনের মহাসচিব হুমায়ুন করিব মিজি প্রমুখ।

