লাইফস্টাইল ডেস্ক : তীব্র গরমের এই সময় পাল্লা দিয়ে ঝরছে মাথার চুল। গ্রীষ্মকালে মাথার ত্বকের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয়। এতে চুলের গোড়া তৈলাক্ত হয় কিন্তু চুল পুষ্টি পায় কম। মাথার ত্বক বেশি সময় ধরে ভিজে থাকায় চুল সহজে পড়ে যায়। অপরদিকে কম পুষ্টির কারণে চুল থাকে রুক্ষ্ম। এতে চুল ছেড়ার প্রবণতা বেড়ে যায় অনেক বেশি। গরমের এই দিনে নারী-পুরুষ উভয়ই চুল পড়ার সমস্যায় ভুগছেন। এসব থেকে মুক্তি পেতে সঠিক খাদ্যাভ্যাস চুল পড়ার হার কমাতে সাহায্য করে। খাদ্য তালিকায় অবশ্যই মৌসুমী ফল, সবজি থাকতে হবে। এসব খাবার খেলে চুলের গোড়া শক্ত হয়, চুলে পুষ্টিও যোগায়। শক্ত গোড়ার রেশম কোমল চুলের ঝরে যাওয়ার প্রবণতা খুবই কম। এছাড়াও চুল পড়া রোধে কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন । যেমন-
* সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে লিভ ইন কন্ডিশনার। রং করা চুল কিংবা কোঁকড়া চুলের জন্য এ কন্ডিশনারটি ব্যবহার করলে ভালো ফল পাওয়া সম্ভব।
* শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর পানিতে লেবুর রস মিশিয়ে চুল ধুয়ে নিতে পারেন। দেখবেন চুল ঝরঝরে হয়ে গেছে। এ ছাড়া সাদা সিরকাও এভাবে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন।
* তৈলাক্ত চুলসহ যেকোনো চুলের জন্য হট অয়েল ট্রিটমেন্ট অনেক উপকারী। তেল হালকা গরম করে তুলা বা হাত দিয়ে হালকা করে মাথার ত্বকে ঘষে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।
* মেহেদি, সামান্য পরিমাণে টকদই ও ডিমের মিশ্রণ চুলে লাগিয়ে আধা ঘণ্টা পর শ্যাম্পু করে নিতে পারেন। চুল পুষ্টিও পাবে, ঝরঝরাও হবে।
* জলপাই তেল, ১০ ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে হালকা গরম করে দুটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল মিশিয়ে নিন। এবার মাথায় দিয়ে ১০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।
* পাকা কলা, এক চামচ টকদই ও এক চামচ জলপাই তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন।

