নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পান্থপথে রাস্তা দেবে যাওয়ার ঘটনায় ন্যাশনাল ব্যাংকের ডিজিএমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে রাজউক। ওই ঘটনার ঝুঁকির মুখে পড়ে সুন্দরবন হোটেল। এক পর্যায়ে হোটিলটি ফাঁকা করা হয়।
রাজউকের অথরাইজড অফিসার শফিউল হান্নান বাদী হয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় কলাবাগান থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন- ন্যাশনাল ডিজিএম নজিব উদ্দিন ভূঁইয়া, নির্মাণ কোম্পানির দুই কর্মকর্তা সালাউদ্দিন ও আকতার এবং অজ্ঞাতনামা আরো একজন জন।
এজাহারে বলা হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ও ১৯৯২ সালের ইমারত নির্মাণ আইন ভঙ্গ করে অভিযুক্তরা ভবন নির্মাণ শুরু করেছেন। রাজউকের সঙ্গে সম্পাদিত বন্ডে ভবন নির্মাণে নিজস্ব প্রকৌশলী ও পর্যবেক্ষক নিয়োগ করার কথা থাকলেও তা তারা করেননি। এজন্য তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার রাজধানীর পান্থপথে হোটেল সুন্দরবন সংলগ্ন রাস্তার পশ্চিমপাশে নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বহুতল ভবনের পাইলিংয়ের জন্য খোঁড়া গর্তে দেবে যায় পার্শ্ববর্তী রাস্তার একটি অংশ। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে হোটেল সুন্দরবনের আট তলা ভবনটি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
ঝুঁকি হ্রাসে ধসে যাওয়া রাস্তায় বালির বস্তা ফেলা হচ্ছে।

