ঢাকাThursday , 28 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ব্লগার অনন্ত খুনের তদন্তে অগ্রগতির লেশ নেই

Link Copied!

anantaসিলেট প্রতিনিধি : ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের পর ১৬ দিন পেরিয়ে গেলেও কারা তাকে খুন করলো সে বিষয়ে পুলিশ এখনো অন্ধকারেই রয়ে গেছে। ঘটনার প্রত্যক্ষ্যদর্শীদের বর্ণনা অনুযায়ী হত্যাকাণ্ডে অংশ নেয়া একজনের ভাষায় সিলেটের আঞ্চলিক টান ছিল- এটুকু বাদে কার্যত পুলিশের কাছেও আর কোনো তথ্য থাকার খবর নেই। জঙ্গি সংগঠন আল কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস) অনন্ত হত্যার দায় নিয়েছে- এমন বক্তব্য দিয়ে হত্যাকাণ্ডের ঘণ্টা দুয়েকের মধ্যে আনসার আল-ইসলাম টুইট করলেও তার সত্যতা এখনো অনিশ্চিত।
অনন্ত ছাড়াও সাম্প্রতিক সময়ে খুন হওয়া আর দুই ব্লগার অভিজিৎ রায় ও ওয়াশিকুর ওয়াশিকুর রহমান বাবুর বিষয়েও তদন্তে প্রায় একই হাল। বাবু হত্যার পর দুই জনকে হাতেনাতে ধরে ফেলেছিলেন জনতা, ব্যাস। এছাড়া আরেক ব্লগার রাজীব হায়দার শোভন হত্যা মামলার বিচার চলছে। গতকাল বুধবার এ মামলায় প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তার বাবা ডা. নাজিম উদ্দিন। এ মামলার আসামিরা হলেন- সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিম প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দীপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০) ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)। আসামিদের মধ্যে কেবল রানা পলাতক।
অনন্ত হত্যার ১৪ দিন পর গত সোমবার মামলার তদন্তভার সিআইডিতে দেয়ার নিদের্শ দেয় পুলিশ হেড কোয়ার্টার। তবে বৃহস্পতিবার সকাল পর্যন্তও সিআইডির কাছে তদন্তভার হস্তান্তর করা হয়নি। কবে হস্তান্তর করা হবে তাও জানেন না মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট বিমানবন্দর থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম।
জানতে চাইলে তিনি বলেন, ‘অনন্ত হত্যা মামলা সিআইডিতে হস্তান্তরের নিদের্শ পেয়েছি গত সোমবার। কিন্তু এখানো পর্যন্ত সিআইডির কাছে হস্তান্তর করা হয়নি। তবে সিআইডিতে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়ে গেলেই মামলার তদন্তভার হস্তান্তর করা হবে।’
হত্যাকাণ্ডের ১৬ দিন পেরিয়ে গেলেও দোষীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটের প্রগতিশীল ব্যক্তিত্ব, গণজাগরণ মঞ্চ এবং প্রগতিশীল ছাত্র জোটের মুখপাত্ররা।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা অ্যতন্ত দুঃখজনক ঘটনা যে পুলিশ এখনো কিছু করতে পারেনি। এটা তাদের গাফিলতি। পুলিশ চাইলে পারে না, এরকম নয়। কিন্তু কেন তারা অনন্ত বিজয়ের ঘাতকদের ব্যাপারে কিছু করছে না, সেটা বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘যখন গণতন্ত্রের অভাব থাকে, তখন সন্ত্রাস-জঙ্গিবাদের উদ্ভব হয়। আর যেখানে পুলিশ, র‌্যাব প্রতিনিয়ত রাজনৈতিক বক্তব্য প্রদান করে, সেখানে গণতন্ত্র থাকার কথা নয়।’
সিলেট গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু বলেন, ‘এখনো অনন্তের ঘাতকরা ধরা না পড়াটা প্রশাসনের ব্যর্থতা। আমরা মনে করি তাদের সদিচ্ছার অভাব রয়েছে।’
অনন্ত বিজয় দাশ সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন।
দেবাশীষ আরো বলেন, ‘যেকোন সময় কোনো অপরাধ সংঘটিত হলে পুলিশ সন্দেহভাজনদের ধরেও জিজ্ঞাসাবাদ করে। কিন্তু অনন্ত হত্যাকাণ্ডের পর এরকম কিছুও ঘটেনি।’
প্রসঙ্গত, গত ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে চাপাতি দিয়ে কুপিয়ে অনন্তকে হত্যা করে দুর্বৃত্তরা। ছাতকের ঝাউয়াবাজারের পূবালী ব্যাংকের শাখার কর্মকর্তা অনন্ত ওইদিন অফিসে যাওয়ার জন্যই বাসা থেকে বেরিয়েছিলেন। কয়েক’শ গজ যাওয়ার পর ৪ জন ঘাতক তাকে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডের পর প্রতিবাদের ঝড় ওঠে সিলেটসহ সারাদেশে।
মাস তিনেকের ব্যবধানে বাংলাদেশে সমমনা তিন ব্লগার- অভিজিৎ রায়, ওয়াশিকুর ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশ- হত্যাকাণ্ডের প্রতিবাদ এসেছে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহল থেকেও। তবে এসব ঘটনার কোনটির তদন্তেই পুলিশ এখনো সফলতার মুখ দেখেনি।