নিজস্ব প্রতিবেদক : ‘বক্তব্যের সময় স্লোগান দিলে আমি বক্তব্য না দিয়ে মঞ্চ থেকে নেমে যাবো। বক্তব্যের মাঝে স্লোগান দেয়ার মানে কি? আমরাও তো ছাত্রলীগ করেছি, আমরা তো এমন করিনি।’
ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে এসে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কলাবাগান মাঠে সম্মেলনটির আয়োজন করা হয়।
মহানগর উত্তরের সম্মেলনে এ অঞ্চলের অন্তর্ভূক্ত থানাগুলো তাদের বিশাল কর্মীবাহিনী নিয়ে উপস্থিত হয়। নেতাদের বক্তব্যের সময় তারা স্লোগান দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছিল।
এর আগেও ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তব্য দিতে এসে কয়েকবার স্লোগানধারীদের ধমক দেন। এছাড়া সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও মাইকে স্লোগান দিতে মানা করেন। পরবর্তীতে অনুষ্ঠানের সঞ্চালক আজিজুল হক রানাও বক্তব্যের সময় স্লোগান দিতে কয়েকবার নিষেধ করেন।
তোফায়েল আহমেদ এ সময় আরো বলেন, ‘আমি এর আগেও বলেছি, বক্তব্যের সময় স্লোগান দিলে আমি চলে যাবো। আমার তো এখন আর চিল্লাইয়ে বক্তব্য দেয়ার অবস্থা নেই।’

