নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রশাসনের সঙ্গেও সংগ্রাম চলবে বলে উল্লেখ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বুধাবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জনগণের হাতে গিটার ও লাঠি আছে। এ লাঠি দিয়ে আপনাদের মোকাবেলা করা হবে। আপনাদের অস্ত্র তখন কোনো কাজে আসবে না। তাই সময় থাকতে সাবাধান হয়ে যান।’
প্রধানমন্ত্রীর প্রতি উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি যে পথে হাঁটছেন, সে পথে আপনি কখনও সফল হবেন না। আপনার ব্যর্থতা অনিবার্য। স্বৈরাচার প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন এ কাজে আপনি ব্যার্থ হবেন। আপনাকে যারা বুদ্ধি দিচ্ছেন সেই বুদ্ধি কোনো কাজে আসবে না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হয়তো চেষ্টা করছেন কিন্তু তিনিও পারবেন না।’
তিনি বলেন, ‘১৯৭১ এর পর জাসদের যে কর্মকাণ্ড ছিল আওয়ামী লীগের মধ্যে এখন সেই কর্মকাণ্ড বিরাজ করছে। এতে শুধু দেশের ক্ষতি নয়। আওয়ামী লীগেরও ক্ষতি।’
আয়োজক সংগঠনের সভাপতি নুরী আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা মহানগর মহিলা দলের সভাপতি সুলতান আহমেদ, সাবেক এমপি রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আড়লি প্রমুখ।

