নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘শেখ হাসিনা বাঁচলে দেশ বাঁচবে। শেখ হাসিনা থাকলে গণতন্ত্র থাকবে, উন্নয়ন থাকবে, প্রতিষ্ঠা হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।’
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটি আগামী ২৯ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া সংবর্ধনার জন্য মঞ্চ তৈরির কাজ পর্যবেক্ষণে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নসহ জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে অসামান্য অর্জনের জন্য আগামী ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনার মাধ্যমে বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হবে।’
এসময় তিনি মঞ্চ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন। পুরো প্যান্ডেল ও মঞ্চের চারপাশ ঘুরে দেখে দাবি করে বলেন, ‘এ গণসংবর্ধনার মাধ্যমে আমরা একটি নতুন ইতিহাস সৃষ্টি করতে চাই। আমরা একটি সন্ত্রাস ও নৈরাজ্যের বাইরের দেশ গড়তে চাই। এটি হবে সর্বকালের সর্ব বৃহৎ গণসংবর্ধনা।’
শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৪ বছর ধরে শুধু এ দেশকে দিয়েই গেছেন। এবার আমাদের দেবার পালা। আমরা তার এ ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। তবু আমরা কিছুটা হলেও ঋণ শোধ করতে চাই।’
তিনি বলেন, ‘সর্বকালের সর্ব বৃহৎ প্যান্ডেল হচ্ছে। গত দুই সপ্তাহ আগে এ মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। ২৮ মে রাত পর্যন্ত এ কাজ চলবে। তিনটি প্যান্ডেল তৈরি করা হচ্ছে।’
এসময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, কার্যনির্বাহী সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

