নিজস্ব প্রতিবেদক : বিএনপি কখনো ভারতবিরোধী রাজনীতি করেনি। বর্তমানেও করছে না, ভবিষ্যতেও করবে না। বিএনপি সব সময় বাংলাদেশের স্বার্থে কথা বলেছে। ভারতের বিরুদ্ধে নয়।
বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামন রিপন দলের পক্ষ থেকে এসব কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়ে রিপন বলেন, ‘মোদির সফরে মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেগুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করছে বিএনপি। আশা করি তার সফরে দু’দেশের সম্পর্ক আরো উন্নত হবে।’
তিনি বলেন, ‘বিএনপি আশা করে মোদির এই সফরের মধ্য দিয়ে সীমান্তে মানুষ হত্যা বন্ধ হবে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মোদি সাক্ষাত করবেন কি না এ বিষয়ে রিপন বলেন, নিরাপত্তার কারণে তার (মোদি) সফরসূচি গোপন রাখা হয়েছে।’
আর যদি খালেদার সঙ্গে সাক্ষাত করেন তাহলে বিএনপির পক্ষ থেকে মোদিকে কী বলা হবে জানতে চাইলে রিপন বলেন, ‘এ বিষয়টিও অত্যন্ত গোপনীয়। তাই এ নিয়ে এখন কথা বলতে চাই না।’
বিএনপি কংগ্রেস নাকি বিজিবি সরকারের সমর্থন করে? এমন প্রশ্নের জবাবে রিপন বলেন, ‘আমরা কখনো এ ধরনের কথা বলিনি। আমরা ভারত সরকার ও দেশটির জনগণের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই। এককভাবে কোনো দলকে সমর্থন করি না।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উদেষ্টা মেজর (অব.) মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান প্রমুখ।

