নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে পুলিশের দায়ের করা রাজধানীর মিরপুর ও পল্লবী থানার সাতটি মামলায় হাইকোর্ট তাকে আগাম জামিন দেন।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার রফিকুলের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মাদ আলী।
এসময় আদালতে উপস্থিত ছিলেন বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মো. ফারুক হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান (এফ আর খান)।
এদিকে গত বৃহস্পতিবার রফিকুল ইসলাম মিয়ার পক্ষে জামিন আবেদনটি ফাইল করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
একই অভিযোগে দায়ের করা যাত্রাবাড়ী থানার আরো একটি মামলার শুনানি হয়েছে। তবে এ মামলার আদেশ পরে দেয়া হবে বলে জানানো হয়েছে।
জানতে চাইলে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেন, ‘হরতাল-অবরোধে রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে রাজধানীর তিন থানায় মোট আটটি মামলা দায়ের করে পুলিশ। এগুলোর মধে সাতটির জামিন আদেশ দিয়েছেন আদালত। একটির আদেশ পরে দেয়া হবে।’

