স্বাস্থ্য ডেস্ক : চামড়া দিয়ে আবৃত মানব শরীরে রয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। এমন দুটি পাশাপাশি অঙ্গের মধ্যে অস্বাভাবিক একটি পথ তৈরি হলে তাকে ফিস্টুলা বলে। ফিস্টুলা শরীরের অনেক অঙ্গেই হতে পারে। রক্তনালীর ধমনী (Artery) আর শিরার (Vein) মধ্যে যখন এই ফিস্টুলা তৈরি হয় তখন তাকে এভি ফিস্টুলা বা আরটারিও ভেনাস ফিস্টুলা বলে।
এভি ফিস্টুলা জন্মগত একটি রোগ তবে আঘাত পেলেও কখনো কখনো এমনটি হওয়ার আশঙ্কা থাকে। আবার জটিল কিডনি রোগে ডায়ালাইসিস করার জন্য ইচ্ছাকৃত ভাবেই এই ফিস্টুলা বানিয়ে নেয়া হয়।
ধমনী গুলো উচ্চ অক্সিজেন যুক্ত রক্ত বহন করে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয় আর শিরা গুলো উচ্চ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শরীরের বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করে হৃদপিণ্ডে নিয়ে যায়। যার ফলে এদের মধ্যে যখন ফিস্টুলা তৈরি হয় তখন এই ভারসাম্যটা নষ্ট হতে পারে। ফল হিসেবে হার্ট এর কাজ অনেক বেড়ে যায়। তাই এভি ফিস্টুলা হলে তার চিকিৎসা করাতে হয়। বিশেষজ্ঞ ভাসকুলার সার্জনরা অপারেশনের মাধ্যমে এই ফিস্টুলা বন্ধ করে দিতে পারেন। এধরনের সমস্যা মূলত শারীরিক নানা সমস্যার পর ডাক্তারের কাছে গেলে ধরা পড়ে। তবে সমস্যা ধরা পড়ার পর চিকিৎসায় অবহেলা করা ঠিক হবে না।

