নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনা কোনো রক্তপাত ছাড়া পার্বত্য শান্তি চুক্তিসহ ইন্দিরা-মুজিব (স্থলসীমা) চুক্তি বাস্তবায়ন করেছেন। মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমা সমস্যারও সমাধান করেছেন। উন্নয়ন ও শান্তির পথে আসতে হলে শেখ হাসিনাকে দরকার। তার বিকল্প নেই।’
সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত সীমান্ত বিল ভারতের রাজ্যসভা ও লোকসভায় পাস হওয়াসহ হাসিনা সরকারের নানা সফলতার জন্য আগামী ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে জাতীয় নাগরিক কমিটি। এ কর্মসূচি সফল করতে সোমবার বিকেলে আওয়ামী লীগে ও এর সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন নাসিম। এ বৈঠকে ঢাকার নব-নির্বাচিত দুই মেয়রকে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হলেও তারা কেউই ছিলেন না।
আগামী ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার মাধ্যমে ঢাকায় ইতিহাস সৃষ্টি হবে উল্লেখ করে নাসিম বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যে শেখ হাসিনা দেশে গণতন্ত্র টিকিয়ে রেখেছেন। ঝঞ্ঝা বিক্ষুদ্ধ এক সন্ধ্যায় স্বজন হারানোর বেদনা নিয়ে এ দেশে এসেছিলেন তিনি। বুকভরা কষ্ট নিয়ে শত বাধা-বিপত্তির মধ্যেও আমাদের অনেক দিয়েছেন। আমরা গণসংবর্ধনা দিয়ে অন্তত কিছুটা হলেও এ ঋণ শোধ করবো।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন- দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, দলের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও বিএম মোজাম্মেল হক প্রমুখ।

