নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার এক সংহত রূপ। স্বাধীনতা ও মুক্তির জন্য দেশবাসীকে জাগিয়েছেন, মানবতার পক্ষে দাঁড়িয়েছেন আর সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে কলম ধরেন যিনি, তিনি নজরুল।’
সোমবার সকালে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী’ উপলক্ষে বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় কবিকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে জেবেল রহমান বলেন, ‘একজন ‘অসাম্প্রদায়িক চেতনার সংহত রূপ নজরুল’স্রষ্টা এবং কর্মযোগী মানুষের নাম কাজী নজরুল ইসলাম। সাহিত্য ও সংগীতের মাধ্যমে একটি জাতিকে জাগিয়ে তুলেছেন। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এক প্রবলপ্রাণ বিদ্রোহীর নাম কাজী নজরুল ইসলাম। মানবতার এক সেনানির নাম নজরুল।’
তিনি বলেছেন, ‘নজরুলের জন্মের পর ১১৬ বছর অতিক্রান্ত হয়েছে। তার নীরব হওয়ার পর কেটে গেছে প্রায় ৭৬ বছর। তার মৃত্যুর পরও আমরা পেরিয়ে এসেছি প্রায় ৪০ বছর। তবু বাংলাভাষী মানুষের কাছে নজরুল ইসলামের অব্যাহত প্রভাব দেখে বিস্মিত না হয়ে উপায় নেই।’
ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘বহুমাত্রিক সাহিত্য প্রতিভার উজ্জ্বল উদাহরণ কাজী নজরুল। রবীন্দ্রনাথের প্রবল পরাক্রমের সময় আবির্ভূত হয়েও বাংলা কবিতায় একটা স্বতন্ত্র ধারা তৈরিতে সমর্থ হয়েছেন নজরুল। আমাদের কবিতার ধারায় তিনিই প্রথম শিল্পী, যিনি রাজনীতিকে রূপান্তরিত করেছেন শিল্পে। নজরুলের দ্রোহচেতনা সঞ্চারিত হয় ঘুমন্ত এক জাতির মর্মমূলে। কবিতাও যে হতে পারে জাগরণের শক্তির উৎস, নজরুলের কবিতা পাঠেই তা প্রথম জানে বাঙালি জাতি।’
গোলাম মোস্তফা আরো বলেন, ‘নজরুল সঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহের জয় পতাকা উড়িয়ে বাংলা কবিতায় তিনি আবির্ভূত হন বন্ধনমুক্ত প্রমিথিউসের মতো। কবিতায় নজরুল উচ্চারণ করেছেন মানবতার জয়গান, কামনা করেছেন প্রান্তবাসী নিম্নবর্গের উত্থান। তার কবিতায় পরাক্রমশালী বিদ্রোহীর পাশেই আছে কুলি-মজুর-কৃষক-শ্রমিক আর ধীবরের দল, আছে সাঁওতাল-গারো-ভিল জনগোষ্ঠী।’
নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার খান, যুগ্ম-মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদক মো. কামাল ভুইয়া, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ আহ্বায়ক মতিয়ারা চৌধুরী মিনু, ন্যাপের ডাকা নগর যুগ্ম-আহ্বায়ক আনছার রহমান শিকদার, মো. আনোয়ার হোসেন, সদস্য মো. শামিম ভুইয়া, তোফাজ্জল হোসেন ভানু, সোলায়মান সোহেল, মো. বেল্লাল হোসেন, মো. আবুল কালাম সরদার, আবদুল্লাহ আল-মাসুম, জিল্লুর রহমান পলাশ ও আবদুল্লাহ কাউছার প্রমুখ।

