নিজস্ব প্রতিবেদক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আমাদের সরকার কেবল দেশ শাসনের কাজ করছে না, বরং সহনশীল রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। যে রাষ্ট্র হবে সহিষ্ণু, যেখানে নিজেরা স্বকীয়তা অর্জন করতে পারব। অন্য দেশের সঙ্গে আমরা বন্ধুতা চাই তবে সবার আগে নিজেদের পায়ে দাঁড়াতে চাই।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত বিশ্ব সম্মেলন পরবর্তী পদযাত্রা ‘রোডম্যাপ টু সেন্দাই: ২০১৬-২০৩০’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজম্যান্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ও ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক রিকোভারি স্টাডিজ ফর ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড রিসার্চ।
দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতির বিষয়ে মান্নান বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসা করেছে। আমরা যেকোনো বিপদসঙ্কুল পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সংবেদনশীল। তবে ক্ষেত্রবিশেষে কিছু অভাবও আছে যা আমাদের মাথায় রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘আমাদের বিদ্যমান কাঠামোতে দুর্যোগ মোকাবেলার পর্যাপ্ত সুযোগ আছে। এর বাইরে নতুন করে কোনো প্রকল্প হাতে নিলে তা আবার ভিন্ন ধরনের জটিলতা তৈরি করবে।’
আলোচনা সভায় আরো অংশ নেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. আবদুল ওয়াজেদ, অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ড. আকরাম এইচ চৌধুরী প্রমুখ।

