নিজস্ব প্রতিবেদক : নজরুল ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সবসময়ের বিদ্রোহী। চিন্তা-চেতনায় তাকে ধারণ করতে পারলে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো। আমাদেরকে আর মাথানত করতে হবেনা।
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। বিশ্ব বাঙালি সম্মেলন ও বিশ্ব কবিতা কংগ্রেসের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মদিন উপলক্ষে তার সমাধিস্থলের সামনে এ সভার আয়োজন করা হয়।
কবি আবদুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি এম তোফাজ্জেল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কবি নজরুলের দৌহিত্র সুবর্ণ কাজী প্রমুখ।
আ স ম ফিরোজ বলেন, ‘আমরা কবিকে তখন সেভাবে চিনতে পারিনি কিন্তু চিনেছিলেন বঙ্গবন্ধু। সেজন্যেই তিনি তাঁকে সসম্মানে দেশে নিয়ে এসেছিলেন। এই দেশেই তাঁর ইচ্ছানুযায়ী সমাধির ব্যবস্থা করেছিলেন।’
তিনি বলেন, ‘আজকে যারা মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করছে, মানুষকে বাসে পুড়িয়ে হত্যা করে, যারা মা-বোনদেরকে লাঞ্ছিত করে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। নজরুল আমাদেরকে বিদ্রোহ শিখিয়েছেন, তাঁর থেকে অনুপ্রেরণা নিয়ে এদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে।’
মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘তার সংগ্রামী লেখনীর কারণেই তিনি বারবার জেলে গিয়েছিলেন। তিনি সারাজীবন আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। সাধারণ মানুষদের জন্যে তার যে লেখনী তা অমর থাকুক এই কামনা করি।’
সুবর্ণ কাজী বলেন, ‘নজরুল ছিলেন আধ্যাত্মিক পুরুষ। তিনি আল্লাহ-রাসুলে বিশ্বাস করতেন। যদি আপনারা তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ- রাসুলকে মানবেন এই দাবী রইলো। আর যদি আপনারা তাকে গুরু মানেন তাহলে মানুষকে ভালোবাসবেন।’
তিনি আরো বলেন, ‘নজরুল সারাজীবন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সবার মধ্যে একতার গান গেয়ে গেছেন। আমাদের তাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে অসাম্প্রদায়িক গোষ্ঠী গড়ে তোলার কাজ করতে হবে।’

