সিরাজগঞ্জ প্রতিনিধি : কামারখন্দে ট্রাকের সঙ্গে দুই বাসের সংঘর্ষে নয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক বাসযাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় পৌঁছলে চাকা পাংচার হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্তরা নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে নাবিল পরিবহনের অপর একটি বাস পেছন থেকে অন্তরা পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন, সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে নেয়ার পথে আরও পাঁচ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান। দুর্ঘটনায় দুই বাসের অন্তত অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, একটি ট্রাক ও দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, খবর পেয়ে আহতদের দেখতে সদর হাসপাতালে যান সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন খান চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. শামসুদ্দীন, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম প্রমুখ।

