নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দূষিত পানি বোতলজাত করে বাজারে বিক্রির অপরাধে ৩টি প্রতিষ্ঠানের ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারা ও আর্থিক দণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে আদাবর ও মাহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-২ এর উপ-পরিচালক ড. মো. দিদারুল আলম এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান। আদালত আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং বিভিন্ন অংকের অর্থ জরিমানা করেন।
এর মধ্যে রিলায়েবল ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরির ম্যানেজার মো. শাখাওয়াত হোসেনকে (২৪) ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাস কারাদণ্ড, অন্তর ড্রিংকিং ওয়াটারের ম্যানেজার মো. আক্তারুজ্জামানকে (৩৮) ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাস কারাদণ্ড এবং সুস্বাদ ড্রিংকিং ওয়াটারের মালিককে ১ বছরের কারাদণ্ড এবং এর ম্যানেজার মো. ইমরান হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ মাস কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠান ৩টিকে সীলগালা ও সব মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে।

