খাগড়াছড়ি প্রতিনিধি : জেলার দুর্গম অঞ্চল লক্ষ্মীছড়ি উপজেলায় অংছিলা মারমা (২৫) নামে এক চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বর্মাছড়ি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত অংছিলা মারমা একই উপজেলার শিলাছড়ি গ্রামের অংথৈচাই মারমার ছেলে।
নিহতের ভাগিনা অংশ্রা প্রু মারমা জানান, প্রতিদিনের মতো সকালে ভাড়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে ঘর থেকে বের হয় অংছিলা। সকাল ৮টার দিকে উপজেলা সদর থেকে বর্মাছড়ির উদ্দেশে জনৈক যাত্রী নিয়ে রওনা করে বলে শুনেছি স্থানীয়দের কাছ থেকে। পৌনে ৯টার দিকে হাজাছড়া এলাকায় রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওমর ফারুক মুঠোফোনে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান জানান, কেন বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

