নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে ভুল তদন্তের ওপর ভিত্তি করে সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
বুধবার মামলার রায় ঘোষণা শেষে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।
আব্দুস সোবহান তরফদার বলেন, মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে তৃতীয় অভিযোগে ১৯৭১ সালের ২ নভেম্বর দুপর দুইটা থেকে পর দিন ৩ নভেম্বর রাত পর্যন্ত তাদের সহযোগিতায় রাজাকার বাহিনী আক্রমণ চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শেরপুর ভাণ্ডার (লক্ষীপুর), আদিনা ফজলুল হক ডিগ্রি কলেজ, শিবগঞ্জ সিও ডেভ অফিস এবং উপজেলা পরিষদ সংলগ্ন ইয়াকুব বিশ্বাসের আমবাগান এলাকার চার জনকে অপহরণ করে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যা করা ছাড়াও বিভিন্ন বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এই অভিযোগ সম্পর্কে ট্রাইব্যুনাল বলেছন, আসামিরা একই অভিযোগে স্বাধীনতার পরেই দালাল আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তারা দণ্ড ভোগ করেও ফেলেছেন। এরপরও ওই আইনের সংশোধিত আইন বা বর্তমান আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন’ ১৯৭৩ অনুসারে এ অভিযোগটি আনায় আমরা তা গ্রহণ করিনি।
আইনজীবী আব্দুস সোবহান আরো বলেন, ‘তদন্ত সংস্থার প্রতিবেদনে ভুল থাকায় ট্রাইব্যুনাল এ অভিযোগটি বাদ দিয়ে দিয়েছেন। তবে বাকি ১ ও ২ নম্বর অভিযোগেও এমন ভুলের আশঙ্কা রয়েছে। ট্রাইব্যুনাল ভুল তদন্তের ওপর ভিত্তি করে আসামিদেরকে সাজা দিয়েছেন। আমরা রায়ের কপি হাতে পেলেই এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।’

