শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের গোশালা রোডের শ্রীশ্রী গৌরী শঙ্কর গোশালা সোসাইটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য প্রতিরোধে সাইবার মনিটরিং অব্যাহত থাকবে। তিনি জানান, রংপুর বিভাগে এসআরবি-১৩-এর আওতাধীন এলাকায় ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপের মধ্যে লালমনিরহাট জেলায় ৪৭১টি মন্দির ও মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। প্রতিমা বিসর্জনের দিনও নেওয়া হবে বিশেষ ব্যবস্থা।
প্রেস ব্রিফিংয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

