নড়াইলে ফেসবুকে ভুয়া পেজ খুলে স্বল্পমূল্যে পণ্য বিক্রির প্রলোভনে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি মোঃ নূরুন্নবী সামদানী। ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন। বেবি বাইক, মিশরীয় মুরগি ও কলম বিক্রির প্রলোভন। এমন বিজ্ঞাপনে বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারণার শিকার হচ্ছিলেন ক্রেতারা। অভিযোগ পেয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট। বুধবার রাতে অভিযানে গ্রেপ্তার হন কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার মো. মোর্তজা শেখ ও নারায়ণপুর গ্রামের মো. লিমন মোল্লা। তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও ৮২ হাজার ৮১০ টাকা। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন অপরাধে জড়িত না হওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
গ্রেপ্তার মোর্তজা বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে। আর লিমন মোল্লা বিকাশ এজেন্ট হিসেবে প্রতারণার অর্থ ক্যাশ আউট করে সহায়তা করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

